রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা বাংলাদেশের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে জাতিসংঘে আবারও তুলে ধরেছে বাংলাদেশ। একই সঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প কোনো স্থায়ী সমাধান নেই।

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। শনিবার (২০ জুন) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শিকড় মিয়ানমারে প্রোথিত। ফলে এ সংকটের কার্যকর ও টেকসই সমাধানও মিয়ানমারের অভ্যন্তরেই নিশ্চিত করতে হবে। প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ, তবে এই পরিস্থিতি অনির্দিষ্টকাল ধরে বহন করা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, স্থানীয় সমাজব্যবস্থা, পরিবেশ এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর বহুমাত্রিক চাপ তৈরি করেছে। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও তাদের নিজ দেশে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে আগ্রহী।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও সক্রিয় ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরিতে বৈশ্বিক সহযোগিতা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *